
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় ৫০টি মামলা করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৩৮ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া তেজগাঁওয়ে ৮২, মতিঝিলে ৭১, ওয়ারীতে ৬২, লালবাগে ৬০, গুলশানে ৫২, উত্তরায় ৪২, রমনায় ৩৭ এবং গোয়েন্দা বিভাগ ১১ জনকে আটক করেছে।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, দুটি সোনার চেইন, একটি প্রাইভেট কার, একটি মিশুক গাড়ি, আটটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮০০ টাকা। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
আকতার হোসেন জানান, শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদক ও আলামত উদ্ধার এবং ৫৫৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।