
ভোলা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। একই সঙ্গে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) দৌলতখান মার্কাজ জামে মসজিদে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব বলেন।
হাফিজ ইব্রাহিম বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’—জনগণের এই অধিকারও প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের উচিত সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করা। যোগ্য প্রার্থীদের চেয়ারম্যান ও সদস্য হিসেবে নির্বাচিত করলে এলাকার বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হবে।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে জমে থাকা জমিজমাসহ বিভিন্ন অমীমাংসিত সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার উন্নয়নেও তাঁদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক কাজী ইকবালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।