
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এবং জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে গ্রেপ্তার করেছে তামিলনাড়ু পুলিশ।
সোমবার (৩ আগস্ট) কাবেরী নদীর পানিবণ্টন ইস্যুতে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বিতর্কিত ওই মন্তব্য করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়েরের পর মঙ্গলবার (৪ আগস্ট) তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেন্নাইয়ে ডিএমকে নেতার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে উদয়নিধি স্ট্যালিন এরই মধ্যে মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। মঙ্গলবার বিকেলেই সেই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জনসভায় কাবেরী নদীর পানি আনার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বিজয়ের সমালোচনা করছিলেন উদয়নিধি। এ সময় উপস্থিত জনতার একটি অংশ ‘তৃষা, তৃষা’ বলে স্লোগান দিতে শুরু করলে তিনি একটি দ্ব্যর্থবোধক ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। ঘটনার পর ক্ষমতাসীন দল টিভিকে তার বক্তব্যের তীব্র সমালোচনা করে। দলটির নেতা আধব অর্জুন উদয়নিধিকে ‘অশ্লীল নিধি’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, তিনি রাজনৈতিক আলোচনার মান নষ্ট করেছেন এবং নারীদের অবমাননা করেছেন।
উদয়নিধির এ মন্তব্যের নিন্দা জানিয়েছে তামিলনাড়ুর প্রায় সব রাজনৈতিক দল। ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা এটিকে নারীদের প্রতি অত্যন্ত কুরুচিপূর্ণ ও অপমানজনক মন্তব্য বলে অভিহিত করেছেন।
সূত্র: এনডিটিভি