
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
উদ্বোধনের দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত রাখা হবে। পরদিন ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদন করে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং দীর্ঘদিনের স্বৈরশাসনের বিভিন্ন স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
জাদুঘরে ২০২৪ সালের আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, দুর্লভ নথি, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, আন্দোলনে ব্যবহৃত ব্যানার, প্ল্যাকার্ড এবং গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট বিভিন্ন স্মারক সংরক্ষণ করা হয়েছে।
এ ছাড়া গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন ঘটনাপ্রবাহের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্তও জাদুঘরে স্থান পেয়েছে।