
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় তার সম্মানে একটি নাগরিক সংবর্ধনারও আয়োজন করা হবে।
নিউইয়র্কের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে আয়োজিত দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর সেখান থেকেই দেশে ফেরার কথা রয়েছে। সরকার সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের তথ্য অনুযায়ী, পুরো যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে।
বিশ্লেষকদের মতে, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে প্রায় চার দশক পর জাতিসংঘ সদর দপ্তরের মূল মিলনায়তনে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এক বিরল দৃশ্যপট তৈরি করবে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসূচি ও অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে।
প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সফর উপলক্ষে নানা প্রস্তুতি নিচ্ছেন। সর্বশেষ ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে তিনি যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। এবার তার সফরকে স্মরণীয় করে রাখতে নিউইয়র্কে বড় পরিসরে নাগরিক সংবর্ধনার আয়োজনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র বিএনপির নীতিনির্ধারক ও স্থানীয় নেতারা ইতোমধ্যে ভার্চুয়াল যৌথ প্রস্তুতি সভা করেছেন। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর নিউইয়র্কে সমবেত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে যাওয়ার কথা রয়েছে। তবে সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
কূটনৈতিক ও দলীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বহর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি সফরকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন। এরপর ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের মূল মিলনায়তনে বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বহুল প্রতীক্ষিত ভাষণ দেবেন।
উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেন। ওই রাষ্ট্রীয় সফরে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে জনশক্তি রপ্তানি, পণ্য আমদানি-রপ্তানি, করিডোর স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়। এরই মধ্যে আরও কয়েকটি দেশ থেকে সফরের আমন্ত্রণ এলেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রী আপাতত অন্য কোনো দেশ সফরে যাচ্ছেন না বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।