
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছে।
রোববার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সোমবার (৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২৯ জুলাই বিকেলে তিনি বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেখতে পান।
এজাহারে বলা হয়েছে, ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘মানহানিকর ও উস্কানিমূলক’ মন্তব্য করা হয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সমালোচনার মুখে অভিযুক্ত পোস্টটি পরবর্তীতে মুছে ফেলা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এজাহারে আরও বলা হয়েছে, বিএনপির একাধিক নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দেখেন। পরে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করা হয়।
এদিকে অভিযুক্ত গাজী সালাউদ্দিন তানভীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।