
আসামের সাম্প্রতিক চলমান বন্যা প্রথম দিন থেকেই ভয়াবহ আকার ধারণ করে। এ পর্যন্ত ইতিহাসের অন্যতম ভয়াবহ এ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন বলে জানিয়েছে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, বন্যাকবলিত মানুষের সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পুরোদমে চলছে। ক্ষতিগ্রস্তদের সেবা নিশ্চিত করতে রাজ্যজুড়ে ১ হাজার ৯০০টির বেশি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি পুনর্নির্মাণ ও পুনর্বাসনের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আসামের ২৫টি জেলায় প্রায় ১১ লাখ মানুষ বন্যার কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের বিভিন্ন অঞ্চলের মতো আসামেও প্রায়ই বন্যা দেখা দেয় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে দেশটির বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি