
আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা আরও শক্তিশালী করার লক্ষ্যে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টাকে এগিয়ে নিতেই এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি কার্যকর করা হয়েছে।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে কৌশলগত এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
এর আগে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক সূত্র তিন দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছিল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যসহ বৃহত্তর অঞ্চলে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের প্রভাবশালী এই তিন দেশের এমন উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। তাদের মতে, এই চুক্তির মাধ্যমে ন্যাটো জোটের অন্যতম বৃহৎ সামরিক শক্তি তুরস্ক, উপসাগরীয় অঞ্চলের শীর্ষ অর্থনৈতিক ও সামরিক শক্তি সৌদি আরব এবং মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্বের নতুন এক অধ্যায়ের সূচনা করল।
সূত্র: আল-জাজিরা।