
জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় আরও ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।
রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার এ তথ্য জানিয়েছে জিম্বাবুয়ের পুলিশ। এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার লেক কারিবায় সরকারি পরিচালিত একটি যাত্রীবাহী নৌকা প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে ডুবে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নৌকাটিতে নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন।
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নৌকাটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। তবে দুর্ঘটনার সময় এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন নৌকাকর্মী এবং অজ্ঞাতসংখ্যক শিশু ছিল।
দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।