
বাংলায় দেওয়া একটি ভিডিও বার্তার কারণে ফের আলোচনায় নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্কের হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য ব্রডওয়ের থিয়েটার শো দেখার সুযোগ করে দিতে তিনি ঘোষণা করেছেন ২ হাজার বিনামূল্যের টিকিট। চমক হলো, পুরো ঘোষণাটিই তিনি দিয়েছেন স্পষ্ট বাংলায়, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
মেয়রের উদ্যোগে থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ডের সহযোগিতায় লটারির মাধ্যমে এসব টিকিট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্বখ্যাত ব্রডওয়ের সাতটি শো বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
ব্রডওয়ের শোগুলোর টিকিটের দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকের জন্য এসব আয়োজন দেখা কঠিন। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে নিউ ইয়র্কের সংস্কৃতির সঙ্গে হাই স্কুলের শিক্ষার্থীদের আরও ঘনিষ্ঠভাবে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য থিয়েটার শোর টিকিট কেনার ক্ষেত্রেও শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
নিউ ইয়র্কে বিপুলসংখ্যক বাংলাদেশি ও বাংলাভাষী অভিবাসীর বসবাস রয়েছে। বিশেষ করে ব্রঙ্কসের পার্কচেস্টার ও ওয়েস্টচেস্টার স্কোয়ার এলাকায় বাঙালি কমিউনিটির উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। মেয়র নির্বাচনে এসব এলাকা থেকে জোহরান মামদানি উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।
বাংলাভাষী সমর্থক ও অভিবাসীদের প্রতি নিজের সংযোগ ও সম্মান প্রকাশ করতেই তিনি বাংলায় ভিডিও বার্তা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার বাংলা বলার ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
জোহরান মামদানি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও শিক্ষাবিদ মাহমুদ মামদানির ছেলে। একাধিক ভাষায় দক্ষ এই মেয়র এর আগেও বিভিন্ন সময়ে বাংলা, হিন্দি ও উর্দু ভাষায় কথা বলেছেন।