
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগে ওমান বাধা দিলে দেশটির বিরুদ্ধে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।’
ইরান ওমানের সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে আলোচনা করছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হওয়ায় হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাও বাড়ছে।
একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে তার প্রশাসন সরাসরি যোগাযোগের জন্য একটি গোপন ‘ব্যাকচ্যানেল’ চালু করেছে। তবে ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করার বিষয়ে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না বলে স্পষ্ট করেন।
আইআরজিসি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু তারা মারা যাচ্ছে।’ সংঘাতের অবসানের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানান তিনি। তার ভাষ্য, এ বিষয়ে তিনি তাড়াহুড়ো করছেন না।
অন্যদিকে, ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের চালুর বিষয়ে ওমানের সঙ্গে তারা একটি সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে।
এমন প্রেক্ষাপটে ওমানকে ট্রাম্পের সরাসরি হামলার হুমকি হরমুজ প্রণালিকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে।