
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে শুধু তেহরানের ওপর চাপ সৃষ্টির পদক্ষেপ হিসেবে দেখছে না দেশটি। বরং এটিকে বিশ্বের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে আখ্যায়িত করেছে ইরান।
শনিবার (২২ আগস্ট) ইরানি বার্তা সংস্থা ফারসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই নতুন নিষেধাজ্ঞার বিষয়ে এ মন্তব্য করেন।
ইসমাইল বাঘেই বলেন, নতুন এই বিধিনিষেধের ঘোষণাটি জাতিসংঘের স্বাধীন সদস্য রাষ্ট্রগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার একটি বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, কোনো স্বাধীন সার্বভৌম দেশের অধীনে পরিচালিত বিদেশি ব্যাংক, ব্যবসায়ী প্রতিষ্ঠান বা বিমানবন্দরকে তৃতীয় কোনো রাষ্ট্রের সঙ্গে বৈধ বাণিজ্য পরিচালনা থেকে বিরত রাখার জন্য চাপ দেওয়ার অধিকার অন্য কোনো সরকারের নেই।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, এ ধরনের মাধ্যমিক নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো বৈধতা নেই। একই সঙ্গে এটি জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২, অনুচ্ছেদ ১-এ উল্লেখিত সার্বভৌম সমতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
অর্থনৈতিক চাপ প্রয়োগকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে উল্লেখ করে বাঘেই সতর্ক করেন, নৌঅবরোধ ও নিষেধাজ্ঞার সমন্বয় অন্যান্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে।
তিনি আরও বলেন, এ ধরনের ভয়ভীতি ও চাপের কাছে নতি স্বীকার করা জাতীয় সার্বভৌমত্বের বিলুপ্তির পাশাপাশি উপনিবেশবাদের ভয়াবহ পুনরাবৃত্তির পথ তৈরি করে।