
বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের কাছে ২৪ জন ক্রুসহ পানামার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি ওশন-উইনার ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট) এ দুর্ঘটনার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে দুই নাবিককে জীবিত উদ্ধার করেছে। এখনো নিখোঁজ রয়েছেন ২২ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল এমভি ওশন-উইনার। জাহাজটিতে চীনের ২০ জন, মিয়ানমারের ৩ জন এবং বাংলাদেশের একজন নাগরিকসহ মোট ২৪ জন ক্রু ছিলেন।
জাহাজটি পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের একটি এলাকায় ডুবে যায়। আন্দামান-নিকোবরের রাজধানী শ্রী বিজয়া পুরমে ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) কর্মকর্তারা জানান, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে এমভি ওশন-উইনারের নির্মাণকারী প্রতিষ্ঠানের একটি সহযোগী সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ করে।
ওই প্রতিষ্ঠান জানায়, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সঙ্গে জাহাজটির অবস্থান শনাক্ত এবং নাবিকদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
অনুরোধ পাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড সম্ভাব্য ডুবে যাওয়ার এলাকায় অনুসন্ধান শুরু করে। পরে রাত ৮টার দিকে সেখান থেকে দুই নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার অভিযানে কোস্টগার্ডের পাশাপাশি ভারতীয় নৌবাহিনীও অংশ নিয়েছে। নিখোঁজ নাবিকদের সন্ধানে নৌবাহিনীর তিনটি জাহাজ—ভারাদ, আনমোল ও বিজিত—মোতায়েন করা হয়েছে।
ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ ২২ নাবিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
তবে শনিবার ঠিক কখন এবং কী কারণে এমভি ওশন-উইনার ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।