
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও কূটনৈতিক অচলাবস্থার আশঙ্কায় খোলা বাজারে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। রোববার (২৩ আগস্ট) তেহরানের মুক্তবাজারে প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ঐতিহাসিকভাবে ২০ লাখ রিয়াল (দুই লাখ তোমান) ছাড়িয়ে গেছে।
সপ্তাহের শুরুতে এক ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময়মূল্য ছিল ১৮ লাখ ৬৫ হাজার। এক সপ্তাহেরও কম সময়ে দেশটির মুদ্রার মান কমেছে ৭ শতাংশের বেশি। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক অর্থনৈতিক চাপ, তেলের বাজার ঘিরে অনিশ্চয়তা এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বাধার কারণে স্থানীয়দের মধ্যে ডলার ও সোনার চাহিদা তীব্র হয়ে উঠেছে।
১৭ জুনের সমঝোতা স্মারকের ৬০ দিনের সময়সীমা কোনো চুক্তি বা ছাড় ছাড়াই শেষ হওয়ার পর ট্রাম্প প্রশাসন ইরানের সমুদ্রবন্দরে নতুন করে অবরোধ আরোপ এবং তেল-সংক্রান্ত ছাড় বাতিল করেছে। এর জবাবে ওয়াশিংটনের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তেহরান।
রিয়ালের দরপতনের কারণে খাদ্য, ওষুধ ও শিল্পের কাঁচামাল আমদানির ব্যয় বাড়ার পাশাপাশি জ্বালানির দামও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে সরকার। অন্যদিকে নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভি এই ঐতিহাসিক দরপতনের প্রেক্ষাপটে বর্তমান সরকারের সমালোচনা করে জনগণকে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন।
মূলত সোমবার যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ এবং তেহরানের অবস্থানের ওপরই এই সংকটের ভবিষ্যৎ নির্ভর করছে।
সূত্র: গালফ নিউজ