
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুর্গত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে ৫ লাখ ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে দেশটি।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, নেপালের বন্যাকবলিত জনগোষ্ঠীর জন্য জরুরি আশ্রয়, নিরাপদ খাবার পানি, স্যানিটেশন এবং অন্যান্য প্রাথমিক ত্রাণ কার্যক্রমে এই অর্থ ব্যয় করা হবে। খবর বিবিসির।
এক সরকারি বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট জানায়, রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব মানুষের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেছে দেশটি।
এদিকে বন্যা ও ভূমিধসের পর শত শত মানুষের নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪ জন মার্কিন নাগরিক রয়েছেন। তাদের বেশির ভাগই পর্যটক হিসেবে নেপালে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি এলাকায় বড় ধরনের ভূমিধসের ফলে রাসুয়া জেলা এবং আশপাশের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। দুর্যোগের পর উদ্ধারকারীরা আর্থ-মুভার বা জেসিবি-এক্সকাভেটর ও ট্রলি ব্যবহার করে পানিবন্দি এবং আক্রান্ত মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘোষিত জরুরি সহায়তার অর্থ স্থানীয় ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থার মাধ্যমে নেপালের দুর্গম ও দুর্যোগপীড়িত এলাকাগুলোতে দ্রুত পৌঁছে দেওয়া হবে।