
কৃত্রিম একটি লেকে বিস্ফোরণের পর বুধবার (২৬ আগস্ট) নেপালে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত সাড়ে তিনশোর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও প্রায় দেড় হাজার মানুষ।
ভয়াবহ এই বিপর্যয়ে পুরো নেপাল যখন শোকে কাতর, তখন দেশটিকে সতর্ক করেছে চীন। দেশটি জানিয়েছে, নেপালে আরও একটি কৃত্রিম লেক তৈরি হয়েছে। এটি যেকোনো সময় বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস, চীন সেন্ট্রাল টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ওই লেকটি ইতিমধ্যে পানিতে পূর্ণ হয়ে গেছে। শনিবার সকাল পর্যন্ত সেখানে ২ মিলিয়ন কিউবিক মিটার পানি ছিল। আগামী দুই থেকে তিন দিনে সেখানে আরও তিন কিউবিক মিটার পানি জমা হবে। এতে লেকটি যেকোনো সময় ফেটে যেতে পারে।
চীনা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মোহনার কাছে কৃত্রিম লেকটি তৈরি হয়েছে। লেকটির ওপর নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে জানিয়ে মন্ত্রণালয় বলেছে, সম্ভাব্য বন্যা হলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিরূপণ করা হচ্ছে। পাশাপাশি জরুরি উদ্ধার অভিযানে সহায়তার বিষয়টিও দেখা হচ্ছে।
ছোচেন খোলা এবং পুরেপু সাংপো নদীর উৎপত্তি তিব্বতে। নেপালে প্রবেশের আগেই নদী দুটি একত্রিত হয়েছে। নেপালে এই নদীটি ভোটেকোশি নামে পরিচিত। আর ভোটেকোশি হলো ত্রিশূলি নদীর প্রধান ঊর্ধ্ব শাখা নদী।
গতকাল ভোটেকোশি নদীতেই ভয়াবহ বন্যার ঘটনা ঘটে। এ সময় নদীর আশপাশের সব নিচু এলাকায় পানি ও কাদা প্রবেশ করে। বন্যার পানির মধ্যে থাকা সব ধরনের অবকাঠামোই ধ্বংস হয়ে গেছে।
আগের বিপর্যয়ের পরও উদ্ধারকারীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই নেপাল আরও একটি বড় ঝুঁকির মুখে পড়েছে।