
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের করা দাবি সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন ইয়েমেনের হুথি কর্মকর্তা হাজেম আল-আসাদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি জোটের ওই দাবি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
‘পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা’
হাজেম আল-আসাদ তার বার্তায় লিখেছেন, ‘মক্কাকে লক্ষ্যবস্তু করার দাবি একটি পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা, যা আগেও ব্যবহার করা হয়েছে এবং এটি আর কাউকে বিভ্রান্ত করতে পারবে না।’
এর মাধ্যমে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ সরাসরি নাকচ করেন এই হুথি কর্মকর্তা।
এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছিল, ইয়েমেনের হুথি গোষ্ঠী মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছে।
জোটের ভাষ্য অনুযায়ী, হুথিদের ওই হামলার প্রচেষ্টা মাঝপথেই ব্যর্থ করে দেওয়া হয়।
তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে হাজেম আল-আসাদ বলেন, মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগটি নতুন কিছু নয়; এর আগেও একই ধরনের ভিত্তিহীন দাবি করা হয়েছে।