.webp)
ইরান সরাসরি ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে একটি চুক্তি সম্পাদনের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান যুদ্ধ চূড়ান্ত সমাপ্তির দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উত্তর ক্যারোলিনায় পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আশা করছি, আমরা যুদ্ধের শেষ পর্যায়ে রয়েছি।’
কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে নাকি সরাসরি বার্তা এসেছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প নিশ্চিত করেন, তিনি ইরানের কাছ থেকে সরাসরি বার্তা পেয়েছেন। একই সঙ্গে চুক্তির বিষয়ে অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গত জুনে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিতে বলা হয়েছিল, হরমুজ প্রণালী খুলে দেওয়া একটি বিস্তৃত শান্তি চুক্তির সূচনা করবে। তবে এর পরও অঞ্চলজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন এই কূটনৈতিক উদ্যোগের খবর সামনে এলো।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সরকারি ভবন, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক হামলা চালায়। এর জবাবে ইরানও ইসরায়েল এবং অঞ্চলটিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও ছড়িয়ে পড়ে।
সূত্র: আনাদোলু এজেন্সি