
রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের এলাকায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রি বোরোবেভ।
২৪৯টি ড্রোন ভূপাতিতের দাবি
আন্দ্রি বোরোবেভ জানিয়েছেন, মস্কো অঞ্চলের দিকে আসা ইউক্রেনের ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
তবে কিছু ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এতে কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। একটি স্থানীয় গুদামেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ছাড়া মস্কর শহরের একটি তেল পরিশোধনাগারও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর মস্কোর দুটি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করে দেওয়া হয়।
আবাসিক ভবনে হামলা
মস্কো অঞ্চলের গভর্নর জানান, সোফিয়ানো এলাকায় একটি তিনতলা বাড়িতে ড্রোন আঘাত করলে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হন। ওই ভবনে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন।
অন্যদিকে, ওরেখোভো-জুয়েভো জেলায় ড্রোন হামলায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন।
মস্কোর আকাশে প্রায় ২৫০ ড্রোন
মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন জানিয়েছেন, রাজধানীর বোলভার্দস এলাকার একটি ভবন এবং একটি তেল পরিশোধনাগারে ইউক্রেনের ড্রোন আঘাত করেছে।
তিনি বলেন, মস্কোর আকাশে প্রায় ২৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলাটিকে তিনি নজিরবিহীন বলেও উল্লেখ করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মস্কোর আকাশে ড্রোন বিস্ফোরিত হতে দেখা গেছে।
এ ছাড়া একটি গুদামে আগুন লাগার ঘটনাও ভিডিওতে দেখা গেছে। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর আগে কিয়েভ ও সামিতে রুশ হামলা
এর আগে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং পূর্বাঞ্চলীয় সামি শহরে রাশিয়ার চালানো হামলায় সাতজন নিহত হন। নিহতদের মধ্যে দুই শিশুও ছিল।
ওই হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
গত কয়েকদিন ধরে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই একে অপরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এসব হামলার মধ্যে জ্বালানি অবকাঠামোও রয়েছে।
সূত্র: বিবিসি