
দীর্ঘ ৭০ বছরের জীবনসঙ্গী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর দুই দিন পর হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ১০১ বছর বয়সী মাহাথিরকে মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণের জন্য ভর্তি করা হয়।
মাহাথিরের সহকারী সুফি ইউসুফ বুধবার বার্তা সংস্থা এএফপিকে জানান, স্ত্রীর মৃত্যুর পর তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন। হাসপাতালে ভর্তির কারণ হিসেবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রোগ নির্ণয়ের কথা জানানো হয়নি। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সুফি।
সুফি ইউসুফ এক হোয়াটসঅ্যাপ বার্তায় বলেন, ‘তার (মাহাথিরের) অবস্থা এখন স্থিতিশীল। মানসিক চাপ, গরম আবহাওয়া এবং বিশ্রামের অভাবে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। একজন ১০১ বছর বয়সীর জন্য এই পরিস্থিতি মোটেও ভালো কিছু নয়।’
মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মারা যান। তিনি পেশায় চিকিৎসক ছিলেন এবং জনস্বাস্থ্য নিয়ে কাজ করেছেন। মাহাথির ও সিতি হাসমাহর দাম্পত্য জীবন ছিল প্রায় সাত দশকের; তাদের সাত সন্তান রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে মাহাথির বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার হৃদরোগের ইতিহাস রয়েছে এবং এর আগে বাইপাস সার্জারিও করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে পড়ে গিয়ে হিপে চোট পাওয়ার পরও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মাহাথির মালয়েশিয়ার অন্যতম দীর্ঘদিনের প্রধানমন্ত্রী। তিনি প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
সূত্র: এএফপি, রয়টার্স