
ভারতের উত্তর প্রদেশে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িবহরের পাঁচটি গাড়ি একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এতে দলের কয়েকজন কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তবে রাহুল গান্ধী অক্ষত রয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) লখনউ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লখনউ বিমানবন্দর থেকে সুলতানপুর যাওয়ার পথে গন্তব্যের প্রায় ৩৫ কিলোমিটার আগে গাড়িবহরটি দুর্ঘটনার কবলে পড়ে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের দ্রুতগতির লেনে চলা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে গাড়িবহরের একটি স্করপিও এসইউভির সংঘর্ষ হয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিজেপির সাবেক সভাপতি অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের করা মানহানির মামলায় বিশেষ এমপি-এমএলএ আদালতে হাজির হতে সুলতানপুর যাচ্ছিলেন রাহুল গান্ধী।
২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারের সময় রাহুলের করা একটি মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতা বিজয় মিশ্র মামলাটি দায়ের করেন। সোমবারই মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে।