
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক এবং জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে অংশ নিতে সোমবার (২৬ অক্টোবর) রাতে তাঁর রাশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) মস্কোয় জিইসিএফের সম্মেলনে যোগ দেবেন পেজেশকিয়ান। সেখানে তাঁর বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।
এক দিনের এই সফরে পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট। পাশাপাশি সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য দেশের নেতাদের সঙ্গেও তাঁর আলোচনা হতে পারে। বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি গুরুত্ব পাবে।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, চলতি সপ্তাহে মস্কোয় পেজেশকিয়ান ও পুতিনের বৈঠক অনুষ্ঠিত হবে। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত ১৯ অক্টোবর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের তেহরান সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, আসন্ন বৈঠকে সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে।
সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও প্রেসিডেন্টের রাশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জিইসিএফের সম্মেলনে অংশ নেওয়াই সফরের প্রধান উদ্দেশ্য। এ সফরের মাধ্যমে রাশিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অন্যান্য প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।
গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম একটি আন্তঃসরকারি সংস্থা। ইরান, রাশিয়া, কাতার ও আলজেরিয়াসহ বিশ্বের কয়েকটি প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ এর সদস্য।