
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয়ের পর প্রার্থীদের প্রতি ভোটারদের অনাগ্রহকেই পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দলের এই পরাজয়ের জন্য নির্দিষ্ট কাউকে দায়ী করতে চান না তিনি। তার দাবি, নিজে নির্বাচনী ব্যালটে থাকলে রিপাবলিকানরা সহজেই জয় পেতেন।
বুধবার (৪ নভেম্বর) পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ব্যালটে থাকলে আমরা জিতে যেতাম। আমরা খুব সহজেই সবকিছু জিতে যেতাম।’
গত মাসে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারে দেশজুড়ে নির্বাচনী সফর করেন ট্রাম্প। সে সময় সমর্থকদের উদ্দেশে বারবার বলেন, ব্যালটে যেন তাকেও প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। তবে নির্বাচনে ভোটারদের রায়ে রিপাবলিকানরা বড় ধাক্কা খেয়েছে। সিএনএনের পূর্বাভাস অনুযায়ী, ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে চলেছে।
পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থীদের পছন্দ করেনি। কেবল এই ধরনের একটি বিষয়।’
রিপাবলিকান প্রার্থীরা যথেষ্ট শক্তিশালী ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে কাউকে দোষারোপ করতে অস্বীকৃতি জানান তিনি। ট্রাম্প বলেন, ‘আমি কাউকে দোষ দিতে চাই না। এটি একটি খুব আকর্ষণীয় সময় ছিল। আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে বিষয়টি দেখেছি এবং তা থেকে শিখেছি।’
তবে ট্রাম্পের এ বক্তব্যের কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘প্রার্থীর মান গুরুত্বপূর্ণ।’ তার দাবি, অনেক প্রার্থী নিজেদের পক্ষে যতটা প্রচার চালিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাদের পক্ষে তার চেয়েও বেশি প্রচার করেছেন।
এরপর ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজয়ের জন্য দায়ী করেন। তিনি লেখেন, অ্যাবট তার রাজনৈতিক জীবনের শেষ ছয় মাসে ‘রাইনো’ (রিপাবলিকান ইন নেম অনলি) হয়ে না উঠলে পরাজিত হতেন না।
নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষের মধ্যেও হাউস স্পিকার মাইক জনসনের নেতৃত্বের প্রশংসা করেছেন ট্রাম্প। রিপাবলিকানদের নেতা হিসেবে জনসনের থাকা উচিত কি না, এমন প্রশ্নে তিনি বলেন, সিদ্ধান্তটি জনসনকেই নিতে হবে। তবে তিনি একজন ভালো মানুষ এবং ভালো ব্যক্তি।