
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ব্রুকলিনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরে সানসেট পার্ক এলাকার ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক নগরীর অগ্নিনির্বাপক বিভাগ (এফডিএনওয়াই)।
এফডিএনওয়াইয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পরপরই দুই শতাধিক অগ্নিনির্বাপক ও জরুরি চিকিৎসাকর্মী ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আগুন নেভানোর পাশাপাশি আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজ শুরু করেন।
ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকর্মীরা দেখতে পান, ভবনটির দুই তলা—প্রথম ও দ্বিতীয়—আগুনে জ্বলছে। আগুনের তীব্রতায় ভবনের ভেতরের সিঁড়িও ধসে পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অগ্নিনির্বাপক কর্মীরা।
এফডিএনওয়াই জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় এক নারী ও এক পুরুষকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। নিহত ব্যক্তিদের পরিচয় ও বয়স তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
এ ঘটনায় আরও চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আগুন নেভানোর সময় অন্তত তিনজন অগ্নিনির্বাপক কর্মীও আহত হন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে অগ্নিনির্বাপক বিভাগ। এদিকে, ঘটনাস্থলে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারির সন্ধান পাওয়ার পর বিশেষ বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণকারী দলকে সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তবে আগুন লাগার পেছনে ওই ব্যাটারির কোনো ভূমিকা ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: বিবিসি