
কর্মস্থলে টয়লেটে যাওয়ার ক্ষেত্রেও স্বস্তি নেই। নির্ধারিত সময়ের বাইরে বিরতি নিলেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে কর্মীদের ওপর নজরদারি করা হচ্ছে। এ কারণে সময়মতো শৌচাগারে যেতে না পেরে গুদামে পণ্য সংরক্ষণের জায়গাতেই প্রস্রাব ও মলত্যাগ করতে বাধ্য হয়েছেন কয়েকজন কর্মী।
নিউজিল্যান্ডের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান দ্য ওয়্যারহাউস গ্রুপের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএনজেডের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, চাকরির নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগের মধ্যে চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটির অকল্যান্ড ও ক্রাইস্টচার্চের বিতরণকেন্দ্রে বিক্ষোভ করেছেন তিন শতাধিক কর্মী। এআই প্রযুক্তির মাধ্যমে নজরদারি এবং ব্যাপক ছাঁটাইয়ের আশঙ্কা থেকে তারা এ কর্মসূচি পালন করেন।
ওয়ার্কার্স ফার্স্ট ইউনিয়নের অভিযোগ, কর্মীদের বিরতির সময় এআই প্রযুক্তি দিয়ে হিসাব রাখা হচ্ছে। ফলে প্রয়োজনের সময় অনেকেই শৌচাগারে যেতে পারছেন না। এ পরিস্থিতিতে বিতরণকেন্দ্রে পণ্য রাখার জায়গাতেই প্রস্রাব ও মলত্যাগের ঘটনা ঘটেছে।
তবে কর্মীদের এমন অভিযোগ অস্বীকার করেছে দ্য ওয়্যারহাউস গ্রুপ। প্রতিষ্ঠানটির দাবি, এ ধরনের কোনো ঘটনা কখনো ঘটেনি।
কর্মীদের ভাষ্য, তাদের সঙ্গে মানুষের পরিবর্তে রোবটের মতো আচরণ করা হচ্ছে। পাশাপাশি নিজেদের চাকরির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা।
প্রতিষ্ঠানটির একটি বিতরণকেন্দ্রে ২৩ বছর ধরে কাজ করা এক কর্মী বলেন, ‘আমি কি দেখতে রোবটের মতো? না, আমি তা নই। আমরা এসব বিষয়ের প্রতিবাদ জানাতে এসেছি। কারণ, কাজটি একজন মানুষের করার কথা, রোবটের নয়।’
ইউনিয়ন সংগঠক হেইলি কোর্টনির অভিযোগ, ব্যবস্থাপকেরা কর্মীদের শৌচাগার পর্যন্ত অনুসরণ করছেন। এমনকি মৌলিক অধিকার প্রয়োগের কারণেও তাদের তিরস্কার করা হচ্ছে। বিষয়টিকে একেবারেই অযৌক্তিক উল্লেখ করে তিনি জানান, গত আট মাস ধরে এ সমস্যা সমাধানের জন্য লড়াই করছেন।
কোর্টনি বলেন, কর্মীরা কাজের দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার কিংবা আধুনিকায়নের বিরোধিতা করছেন না। তবে এসব পরিবর্তনের কারণে তাদের চাকরির ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে তারা নিশ্চয়তা চান।
তার অভিযোগ, পণ্য বাছাইয়ের কাজে প্রতিষ্ঠানটি বড় আকারের একটি রোবট যুক্ত করছে। পাশাপাশি এআইচালিত ড্রোন ব্যবহারের মাধ্যমে শারীরিকভাবে পণ্য গণনার কাজে নিয়োজিত কয়েকজন কর্মীর প্রয়োজনীয়তা কমানো হয়েছে। এখন কর্মীরা কতক্ষণ শৌচাগারে অবস্থান করছেন, সেটিও এআই প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কোর্টনি আরও জানান, শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলেও সময়ের হিসাবের ভয়ে কর্মীরা তা আটকে রাখার চেষ্টা করছেন। এর ফলে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে।
সংবাদমাধ্যম দ্য পোস্টকে তিনি বলেন, ‘আমরা মেঝেতে কিছু (মল) পড়ে থাকতে দেখেছি। আমি বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নেওয়ার পর অবশ্য তা বন্ধ হয়েছে। তবে এর আগে একাধিকবার এমন দুর্ঘটনা ঘটেছে। কারা এর সঙ্গে জড়িত, তা আমরা জানি না। এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া যে কারও জন্য অত্যন্ত অপমানজনক।’
অন্যদিকে, এসব অভিযোগকে বিস্ময়কর ও আপত্তিকর বলে অভিহিত করেছে দ্য ওয়্যারহাউস গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রধান জনবল কর্মকর্তা রিচার্ড পার্কার বলেন, কর্মীদের কাজের দক্ষতা পর্যবেক্ষণে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটি এআই নয়। বিশ্বজুড়ে বিতরণকেন্দ্রগুলোতে কয়েক দশক ধরে ব্যবহৃত স্ক্যানিং যন্ত্রের সাহায্যে কাজের দক্ষতা পরিমাপ করা হচ্ছে। এর সঙ্গে শৌচাগার ব্যবহারের কোনো সম্পর্ক নেই।
পণ্য গণনার কাজে ড্রোন ব্যবহারের কারণে কোনো কর্মীর চাকরি হারাতে হয়নি বলেও দাবি করেন পার্কার। বরং বর্তমানে এ বিভাগে তিনটি অতিরিক্ত অস্থায়ী পদ রয়েছে বলে জানান তিনি।
পার্কারের ভাষ্য, ড্রোন ব্যবহারের ফলে পণ্যের মজুতের হিসাব আরও নির্ভুল হচ্ছে এবং গ্রাহকসেবার মান উন্নত হচ্ছে। এ ছাড়া রাতের বেলায় যন্ত্রের সাহায্যে উঁচুতে উঠে কাজ করার প্রয়োজন কমে আসায় বিতরণকেন্দ্রের নিরাপত্তাও বাড়ছে।