
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা অব্যাহত থাকলেও তেল আবিবের সঙ্গে সম্পর্ক জোরদারে পিছিয়ে নেই ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক প্রকাশ্য ও বিস্তৃত রূপ পেলেও এর ভিত্তি তৈরি হয়েছে কয়েক দশক আগেই। সামরিক সরঞ্জাম কেনাবেচা, গোয়েন্দা সহযোগিতা, নজরদারি প্রযুক্তি এবং যৌথ অস্ত্র উৎপাদন—সব মিলিয়ে ভারত-ইসরায়েল সম্পর্ক এখন কৌশলগত অংশীদারত্বের গুরুত্বপূর্ণ উদাহরণ।
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে বক্তব্য দিতে গিয়ে ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও দুই দেশের শক্তিশালী সম্পর্কের পক্ষে অবস্থান নেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানালেও ভারতের কৌশলগত স্বার্থ এবং সশস্ত্র বাহিনীর জন্য উন্নত অস্ত্র সংগ্রহের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
তাঁর এই বক্তব্যে কংগ্রেসের কয়েকটি মিত্র দলের মধ্যে সমালোচনা তৈরি হলেও বিশ্লেষকদের মতে, এটি ভারত-ইসরায়েল সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরেছে। রাজনৈতিক পালাবদল হলেও এই সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনাই বেশি।
অস্ত্র ও প্রযুক্তিতে বাড়ছে নির্ভরতা
ভারত-ইসরায়েল সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি প্রতিরক্ষা সহযোগিতা। ২০১৪ সাল থেকে ইসরায়েলের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা ভারত। ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানির প্রায় ৩৭ শতাংশ যায় দেশটিতে।
শুধু অস্ত্র কেনাই নয়, নজরদারি প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পুলিশি কার্যক্রমেও দুই দেশের সহযোগিতা বিস্তৃত হয়েছে।
ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ফোনে নজরদারির অভিযোগ উঠেছিল ২০১৯ সালে। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কয়েকজন সাংবাদিকের ফোনে এই প্রযুক্তির সংক্রমণের প্রমাণ পাওয়ার কথা জানায়। তবে অনুমতি ছাড়া নজরদারির অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলি প্রযুক্তির ওপর ভারতের নির্ভরতা শুধু নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়; অভ্যন্তরীণ নজরদারি ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনাতেও এর প্রভাব রয়েছে।
আদানি গ্রুপের মাধ্যমে সামরিক সহযোগিতা
ভারত-ইসরায়েল প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ।
২০১৬ সালে ইসরায়েলের এলবিট সিস্টেমসের সঙ্গে যৌথ উদ্যোগে হায়দরাবাদে হারমিস-৯০০ ড্রোন তৈরির কারখানা স্থাপন করে আদানি গ্রুপ। ইসরায়েলের বাইরে এটিই ছিল এ ধরনের প্রথম উৎপাদনকেন্দ্র।
এ ছাড়া ইসরায়েল উইপন ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথভাবে নেগেভ মেশিনগানের যন্ত্রাংশ উৎপাদনকারী বিএলআর সিস্টেমসে আদানি গ্রুপের ৫১ শতাংশ মালিকানা রয়েছে।
২০২৩ সালের জানুয়ারিতে আদানি গ্রুপ ও ইসরায়েলের গাডোট যৌথভাবে ১১৫ কোটি ডলারে হাইফা বন্দর কিনে নেয়। এতে দুই দেশের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়।
বিশ্লেষকদের মতে, ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির মাধ্যমে ইসরায়েলি সামরিক সরঞ্জামের উৎপাদন ও সরবরাহব্যবস্থায় ভারতের অংশগ্রহণ বাড়ছে। তবে যৌথ উৎপাদনের ক্ষেত্রে প্রকৃত প্রযুক্তি কতটা ভারতের হাতে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
গাজা যুদ্ধে অস্ত্র সরবরাহ নিয়ে বিতর্ক
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যে ভারতের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো থেকে ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ২ হাজার ৫৯৬টি চালান পাঠানো হয়েছে। প্রতিবেদনে নয়টি ভারতীয় প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন।
অ্যামনেস্টির দাবি, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ত্র রপ্তানির অর্থ হলো ভারত রাষ্ট্রও ইসরায়েলে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কৌশলগত পণ্য বাণিজ্যে দেশটির শক্তিশালী আইনি কাঠামো রয়েছে।
কেন ভারতের কাছে গুরুত্বপূর্ণ ইসরায়েল
বিশ্লেষকদের মতে, ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের প্রধান সুবিধা হলো তুলনামূলক কম শর্ত ও প্রযুক্তি ব্যবহারে স্বাধীনতা।
অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক কাবির তানেজার মতে, পশ্চিমা অনেক দেশ অস্ত্র বিক্রির ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করে। বিপরীতে ইসরায়েল তুলনামূলকভাবে বেশি নমনীয়। ফলে ভারতের নিজস্ব সামরিক ব্যবস্থার সঙ্গে ইসরায়েলি প্রযুক্তি যুক্ত করা সহজ হয়।
১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময়ও ভারতের পাশে দাঁড়িয়েছিল ইসরায়েল। ভারতের পারমাণবিক পরীক্ষার পর কয়েকটি দেশ অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা দিলেও ইসরায়েল খুচরা যন্ত্রাংশ ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছিল। এ ঘটনা দুই দেশের মধ্যে সামরিক আস্থার ভিত্তি আরও শক্তিশালী করে।
ভারতের সামরিক সরঞ্জামের বড় অংশ রাশিয়ান প্রযুক্তিনির্ভর। ইসরায়েলি প্রযুক্তি রাশিয়ার তৈরি অস্ত্রের সঙ্গে ব্যবহার করা সম্ভব হওয়ায় দেশটির কাছে ইসরায়েলের গুরুত্ব আরও বেড়েছে।
আদর্শিক মিল, নাকি পারস্পরিক স্বার্থ
ভারত-ইসরায়েল সম্পর্কের পেছনে আদর্শিক মিল কতটা ভূমিকা রাখছে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে।
একাংশের মতে, বিজেপির হিন্দুত্ববাদী রাজনৈতিক দর্শন এবং ইসরায়েলের জায়নবাদী জাতীয়তাবাদের মধ্যে কিছু আদর্শিক সাদৃশ্য রয়েছে। দুই দেশই নিজেদের নিরাপত্তা ও অস্তিত্বের প্রশ্নকে গুরুত্ব দিয়ে থাকে। নরেন্দ্র মোদি ও বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত ঘনিষ্ঠতাও সম্পর্ককে দৃশ্যমান করেছে।
তবে অন্য বিশ্লেষকদের মতে, এই সম্পর্কের মূল চালিকাশক্তি আদর্শ নয়, বরং নিরাপত্তা, অস্ত্র, প্রযুক্তি ও অর্থনৈতিক স্বার্থ। ভারতের প্রয়োজনীয় সামরিক সহায়তা যে দেশ দিতে পারবে, তার সঙ্গেই সম্পর্ক জোরদার করতে আগ্রহী নয়াদিল্লি।
মোদির আগেই শুরু হয়েছিল সহযোগিতা
ভারত ও ইসরায়েলের সামরিক সহযোগিতা মোদির আমলে শুরু হয়নি। ১৯৪৭ সালে ফিলিস্তিন ভাগের প্রস্তাবের বিরোধিতা করেছিল ভারত। ১৯৫০ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিলেও ১৯৯২ সাল পর্যন্ত দুই দেশের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি।
তবে প্রকাশ্য কূটনৈতিক দূরত্বের মধ্যেও সামরিক সহযোগিতা অব্যাহত ছিল। ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধে ভারতকে গোপনে অস্ত্র সরবরাহ করে ইসরায়েল। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ও অস্ত্র সরবরাহ করে দেশটি। ১৯৭১ সালের যুদ্ধের সময় ইরানের জন্য নির্ধারিত অস্ত্রও ভারতে পাঠানো হয়েছিল।
১৯৬০-এর দশকের শেষ দিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও ভারতের গোয়েন্দা সংস্থা 'র'-এর মধ্যে সহযোগিতা শুরু হয়েছিল বলে বিশ্লেষকদের দাবি।
১৯৯২ সালে কংগ্রেস সরকারের আমলে দুই দেশের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এরপর বিজেপি ও কংগ্রেস—উভয় সরকারের সময়ই সামরিক সহযোগিতা বিস্তৃত হয়েছে। ২০০৬ সালে ৩৫ কোটি ডলারের চুক্তিতে বারাক-৮ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা যৌথভাবে উন্নয়নের উদ্যোগ নেয় দুই দেশ।
২০১৪ সালের পর সম্পর্কের প্রকাশ্য রূপ
নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ভারত-ইসরায়েল সম্পর্কের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর প্রকাশ্য অবস্থানে। এর আগে সামরিক সহযোগিতার অনেক বিষয় গোপন রাখা হলেও ২০১৪ সালের পর দুই দেশের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসতে শুরু করে।
২০১৭ সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন মোদি। এরপর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যিক সহযোগিতা আরও বিস্তৃত হয়।
অন্যদিকে ফিলিস্তিন ইস্যুতে ভারতের দীর্ঘদিনের অবস্থান নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। ১৯৭৪ সালে ফিলিস্তিন মুক্তি সংস্থাকে এবং ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল ভারত। দেশটি এখনো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে থাকার কথা বললেও গাজা যুদ্ধের সময় ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখায় সমালোচনা বেড়েছে।
ফিলিস্তিন ইস্যুতে ভারতের দায় কতটা
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ভারতীয় অস্ত্র ও প্রযুক্তি ব্যবহারের অভিযোগ নতুন করে আন্তর্জাতিক বিতর্ক তৈরি করেছে।
বিশ্লেষকদের একাংশের মতে, কোনো দেশ যদি এমন সামরিক সরঞ্জাম সরবরাহ করে, যা গণহত্যা বা যুদ্ধাপরাধে ব্যবহৃত হতে পারে, তাহলে সেই সরবরাহকারী দেশের দায়ও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
অন্যদিকে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের মতে, প্রতিরক্ষা সহযোগিতা প্রয়োজনীয় হলেও এ ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে স্পষ্ট সীমারেখা ও নিয়ন্ত্রণ থাকা জরুরি।
সব মিলিয়ে ভারত-ইসরায়েল সম্পর্ক এখন আর শুধু কূটনৈতিক বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। অস্ত্র, প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা, শিল্প বিনিয়োগ ও নিরাপত্তার পারস্পরিক স্বার্থে দুই দেশ গভীরভাবে যুক্ত। ফলে গাজা যুদ্ধ কিংবা আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণে এ সম্পর্কের মৌলিক কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র: আল-জাজিরা