
আরও এক বছর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক (ডিজি) পদে থাকছেন সাংবাদিক ফারুক ওয়াসিফ।
‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮’-এর ধারা ৯(২) অনুযায়ী তাকে পুনরায় নিয়োগ দিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ফারুক ওয়াসিফকে আবারও পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফারুক ওয়াসিফকে পিআইবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়। তিনি সাংবাদিক ও লেখক হিসেবে পরিচিত। পিআইবির মহাপরিচালক পদে নিয়োগের আগে তিনি দৈনিক সমকালের পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।