
দেশের তিন জেলায় শনিবার বিকেল ৫টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ও আন্তঃসরকারি সংস্থা রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস)।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া সংস্থাটি জানিয়েছে, সাতক্ষীরা, খুলনা ও কুড়িগ্রামের কয়েকটি এলাকায় এই সময়ে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট জেলার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
রাইমসের আবহাওয়া বিশেষজ্ঞ গোলাম রাব্বানী বলেন, বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান করা ঝুঁকিপূর্ণ। বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করা নিরাপদ।
তিনি আরও বলেন, আকাশে কালো মেঘ জমলে বা বজ্রপাতের শব্দ শোনা গেলে ধান কাটা, মাছ ধরা, খেলাধুলা কিংবা খোলা জায়গায় অন্য যেকোনো কাজ বন্ধ করে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া উচিত।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বজ্রপাতের সময় খোলা জায়গায় দলবদ্ধভাবে না থেকে দূরত্ব বজায় রেখে অবস্থান করতে হবে। একই সঙ্গে গাছের নিচে, উঁচু স্থানে, বৈদ্যুতিক খুঁটির পাশে কিংবা ছেঁড়া বিদ্যুতের তারের কাছাকাছি অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া বজ্রপাতের সময় বাড়ির উঠানে থাকা বা আম ও শিলা কুড়াতে বাইরে যাওয়াও ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে সংস্থাটি।