
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে প্রস্তুতির গতি বাড়াতে আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে বসছে উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনি কার্যক্রমের সার্বিক সমন্বয় নিশ্চিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের অংশগ্রহণে আজ ৪ ফেব্রুয়ারি এ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, আজ বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কক্ষ নম্বর ৫২০ এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাও অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত থাকবেন। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যে কার্যক্রম সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।