
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে দোকান, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।
এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আগামী মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে শিল্পকারখানার শ্রমিকরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিনের ছুটি পাচ্ছেন।
নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এমনিতেই কার্যকর থাকবে। এর পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিনের ছুটি পাচ্ছে দেশবাসী।