
শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার অধীনে পরিচালনার উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে রোববার (৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এর অংশ হিসেবেই আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
একই বিবৃতিতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমান সংবেদনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, দেশের প্রায় ১৮ কোটি মানুষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং এ মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর বাংলাদেশের দিকে। ইতোমধ্যে বিদেশি বহু সাংবাদিক ও পর্যবেক্ষক দেশে অবস্থান করছেন।