
শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অশান্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মহিউদ্দিন রনি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে শাহবাগ এলাকায় হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পুলিশ বাধা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আন্দোলনকারীদের ওপর ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় শাহবাগের আজিজ মার্কেটের সামনে আন্দোলনকারীদের রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়ান মহিউদ্দিন রনি। পুলিশের কাছে তিনি আন্দোলনকারীদের ওপর হামলার কারণ জানতে চাইলে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে বেধড়ক লাঠিপেটা করেন।
একপর্যায়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়লেও মারধর থামেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পুলিশ সদস্য ঘটনাস্থল ছেড়ে গেলেও পরে আবার ফিরে এসে তাকে লাঠি দিয়ে খোঁচা মারেন। একই সময় আরেক পুলিশ সদস্যও তাকে আঘাত করতে উদ্যত হন। পরে এক পুলিশ সদস্য হস্তক্ষেপ করলে মারধর বন্ধ হয়।
এই ঘটনার পর শাহবাগ এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।