
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে তারা ছত্রভঙ্গ হয়ে কাঁটাবনের দিকে সরে যেতে বাধ্য হন।
পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে টানাপোড়েনের কারণে শাহবাগ মোড় মুহূর্তের মধ্যেই জনশূন্য হয়ে পড়ে। সরেজমিনে দেখা যায়, মোড়ে পুলিশ অত্যন্ত কড়াকড়ি বজায় রেখেছে। লাঠিচার্জের সঙ্গে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মোড় থেকে সরিয়ে দেওয়া হয়।
জানা গেছে, বিকেলে পুলিশের ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা সন্ধ্যায় আবার শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে রাত সাড়ে ৭টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা শেষমেশ কাঁটাবনের দিকে সরে যান।