
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৭:৩০ টা থেকে বন্ধ হচ্ছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ রাখার আইন অনুযায়ী এই নির্দেশ কার্যকর হবে।
রোববার (০৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “নির্ধারিত সময়ের পর রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো সভা, মিছিল, প্রচারপত্র বিতরণ বা গণমাধ্যমে প্রচারণা চালাতে পারবেন না।”
ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭:৩০ টা থেকে বিকেল ৪:৩০ টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের ভোট স্থগিত থাকায় এবার ৩০০ আসনের পরিবর্তে ২৯৯ আসনে ভোটগ্রহণ হবে।
ইসি সচিবালয় জানিয়েছে, দেশের ৪৯টি জেলায় রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে গেছে, বাকি জেলাগুলোতেও রবিবারের মধ্যে বিতরণ শেষ হবে।
এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।
৩০০ সংসদীয় আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছেন ঝালকাঠি-১ আসনে (২ লাখ ২৮ হাজার ৪৩১ জন) এবং সর্বাধিক ভোটার রয়েছেন গাজীপুর-২ আসনে (৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন)।
এই নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি, ২৯১ জন।
সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ২,৪৭,৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।