
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে তার পদ থেকে সরানো হয়েছে। সোমবার, ৯ ফেব্রুয়ারি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদে থাকার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসকের দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন, তবে অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল।
এরপর গত ১ ফেব্রুয়ারি, দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।