
বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে আসা তুরস্ক ও কমনওয়েলথের দুটি পৃথক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সরকার প্রধানের দপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয়। তুরস্কের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টার্কিশ–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেত আকিফ ইলমাজ।
এর আগের দিন সোমবার একই স্থানে কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। ২৩ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার এবং ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ ই নানা আকুফো-আডো।
দুই বৈঠকেই উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।