
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন চার ধাপে প্রদত্ত ভোটের সংখ্যা ও শতকরা হার পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময় অন্তর এসব তথ্য সংগ্রহ ও অনলাইনে এন্ট্রির বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
বুধবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে সারাদিনে মোট চারবার ভোটের তথ্য সংগ্রহ করতে হবে। সময়গুলো হলো—সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পর। প্রতিবার সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছ থেকে প্রদত্ত ভোটের সংখ্যা ও শতকরা হার সংগ্রহ করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি কেন্দ্রের ভোটের তথ্য সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার তত্ত্বাবধানে ডাটা এন্ট্রি অপারেটর আরএমএস ইউজারের মাধ্যমে লগইন করে কেন্দ্রভিত্তিকভাবে এন্ট্রি করবেন। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ‘কপোত’ ড্যাশবোর্ড ব্যবহার করে এসব তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন।
এ ছাড়া নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও ভোটের এ পরিসংখ্যান মনিটর করা হবে বলে জানানো হয়েছে। ফলে নির্ধারিত সময়ে সঠিকভাবে তথ্য এন্ট্রি করা বাধ্যতামূলক বলে উল্লেখ করেছে ইসি।
নির্দেশনায় আরও বলা হয়, প্রতিবার তথ্য সংগ্রহের সময় ভোটগ্রহণ শুরুর পর থেকে নির্ধারিত রিপোর্টিং সময় পর্যন্ত ব্যালটের মুড়ি গণনা করে প্রদত্ত ভোটের সংখ্যা নির্ধারণ করতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।