
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১ হাজার ৪০০ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে আজ সন্ধ্যার মধ্যে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পৌঁছে যাবে।
তিনি বলেন, এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি অনুভূত হয়নি। এ পর্যন্ত ৫২টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে, যা সবই নিষ্পত্তি করা হয়েছে।
বিভাগীয় কমিশনার আরও জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ঢাকায় বৃহস্পতিবার ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পর্যাপ্ত পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য থাকবেন।
শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ঢাকার ৯০ শতাংশ ভোটকেন্দ্র সিসিটিভির আওতাধীন থাকবে। প্রতিটি কেন্দ্রে বডিওর্ন ক্যামেরা যুক্ত দুইজন আনসার সদস্য থাকবে, যারা রিয়েল টাইম ফুটেজ আপলোড দেবেন।