
রাজধানীর মিরপুরে একটি ভোটকেন্দ্রে অনৈতিকভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের দায়ে দুই যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তাদেরকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। আদালত তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করার পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অভিযুক্ত দুই যুবকের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তারা কেন্দ্রে অনৈতিকভাবে প্রবেশ করে ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন।”