
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সঠিক গন্তব্যেই পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্র পরিদর্শন ও নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সিইসি জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “গতকাল আমি দেশের অনেক জেলা প্রশাসক, এসপিদের সাথে কথা বলেছি। তাদের আমি বলেছি কারো পক্ষে কাজ করতে পারবেন না। অবশ্যই নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। শুধু নিজে নিরপেক্ষ থাকলে হবেনা আপনার আশেপাশে সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে। এখানে বিভাগীয় কমিশনার সাহেব আছেন তিনি এটার সাক্ষী দিতে পারবেন।”
নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে নিজের দায়িত্ব পালনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তিলগ্নে একটা অবদান আমাকে রাখতে হবে। আমি সেই চেষ্টা করছি।”
ভোটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ছবির প্রসারকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন সিইসি। এ বিষয়ে তিনি বলেন, “আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও এবং এআই জেনারেটেড ছবি একটা বড় চ্যালেঞ্জ। সবগুলো চাইলেও নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোর অনেক কিছুই সীমান্তের ওপার থেকে হয়। ফলে আমরা মেইনস্ট্রিম মিডিয়ার ওপর ভরসা করি। আশা করি জনগনও সত্য মিথ্যা যাচাই করে তথ্য শেয়ার দেবে।”
ঢাকা ৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ এনসিপিসহ মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২০২৮ জন প্রার্থী এই নির্বাচনে লড়ছেন।