
নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
জামায়াত আমির বলেন, শুরু থেকেই তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং এখনও সেই অবস্থানে অটল আছেন। তিনি সামগ্রিক নির্বাচনী ফলাফলকে স্বীকৃতি দিয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিগত মাসগুলোতে অক্লান্ত পরিশ্রম করা অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে অনেকেই ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তাদের সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, অনেকেই ব্যথিত ও হতাশ— যা স্বাভাবিক। তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি উল্লেখ করে তিনি জানান, ৭৭টি আসন নিয়ে তারা সংসদে উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি করেছেন এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছেন।
তিনি উদাহরণ দিয়ে বলেন, ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাত্র ৩০টি আসনে নেমে এসেছিল। দীর্ঘ ১৮ বছরের পথ পাড়ি দিয়ে ২০২৬ সালে তারা সরকার গঠন করেছে। গণতান্ত্রিক রাজনীতি দীর্ঘ পথের যাত্রা— উল্লেখ করে তিনি বলেন, তাদের লক্ষ্য এখন মানুষের আস্থা অর্জন, ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া।
সবশেষে তিনি বলেন, তাদের আন্দোলন কখনোই কেবল একটি নির্বাচনের জন্য ছিল না; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং ন্যায়বিচারপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তাদের পথচলা। নীতিভিত্তিক ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি দলের অঙ্গীকার অবিচল থাকবে বলেও উল্লেখ করেন জামায়াত আমির।