
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রথম সারির একটি অনলাইন সংবাদমাধ্যমকে তিনি বলেন, “৯ ও ১০ ফেব্রুয়ারি অফিস থেকে বিদায় নিয়েছি। ফরমালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে।”
দেশ ত্যাগ করেছেন কি না তা স্পষ্ট না হলেও ফয়েজ আহমদ বলেন, “আমি অল্প সময়ে জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি। একটা শীর্ষ দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি ও স্বচ্ছতা এনেছি। পুরনো আইন ও নীতিমালা পরিবর্তনের জন্য আমি পাগলের মতো পরিশ্রম করেছি। এগুলো পাঁচ বছরের কাজ।”
তিনি আরও বলেন, “আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি একটাও টাকা দুর্নীতি করিনি। আমি বাই ভার্চু সৎ লোক। মোবাইল ব্যবসায়ী ও টেলিকম মাফিয়ারা আমার বিরুদ্ধে কুৎসা রটেছে, কিন্তু আমি তাদের কাছে মাথা নত করি নি। দ্রুত নতুন কোনো চাকরি খুঁজবো এবং স্বাভাবিক জীবনে ফিরব।”
ফয়েজ আহমদ বলেন, “আমার স্ত্রী-সন্তানকে ডিপ্রাইভ করে, নিরাপদ জীবন ত্যাগ করে দেশে এসেছি। কিছু মানুষ আমাকে অপমান ও অপদস্ত করতে চেষ্টা করেছে। মাঝে মাঝে মনে হয় এই দেশে সৎ ও জ্ঞানভিত্তিক নেতৃত্বের কোনো মূল্য নেই। আমি সাধারণ মানুষ, সাধারণ জীবন যাপন করি, নিজের কাছে সৎ ও স্বচ্ছ আছি। দোয়া করবেন।”
এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, মন্ত্রণালয় থেকে বিদায় নেওয়ার পর ফয়েজ তার পরিবারের কাছে ফিরে গেছেন। তবে তিনি কোন দেশে অবস্থান করছেন তা প্রকাশ করেননি।