
নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, তার দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব পড়েছে। এ দায়িত্বের ভার বহনের চেষ্টা করবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো।’
আজ জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। দুপুর সোয়া ১টায় তিনি সচিবালয়ের নতুন এক নম্বর ভবনে নতুন দায়িত্বে যোগ দেন।
নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নিলেন। উল্লেখযোগ্য, বিএনপির নেতৃত্বে সরকার গঠনের ঠিক এক দিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ পদে নিযুক্ত হন।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। এটি তার নিজস্ব আবেদনের প্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত।
নাসিমুল গনি ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির কার্যালয়ে জন বিভাগে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০২৪ সালের ১৮ আগস্ট তিনি পদে যোগ দেন। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন।
নাসিমুল গনি ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তার ব্যাচের ১৪২ জনের মধ্যে তিনি ষষ্ঠ স্থানে ছিলেন। ২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং চার বছর পর ২০১৩ সালে চাকরি থেকে অবসর দেওয়া হয়।