
সৌদি আরবে ওমরা পালন শেষে মদিনা শহর থেকে আভা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালকসহ একই পরিবারের পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন।
বাংলাদেশ সময় রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন—লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের নলচারা এলাকার অসীম উদ্দিন বেপারী বাড়ির শহীদুল্লাহর ছেলে প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান (৩৮), তার স্ত্রী ফারজানা ইয়াসমিন সুমি (২৯) ও তাদের তিন কন্যা—মেহের আফরোজ (১১), ফাইজা ইসলাম (৮) ও ফারজিন নুর সুবহা (২)। এছাড়া প্রাইভেটকার চালক বাবর (২৬) নিহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটোয়ারী বাড়ির খোকনের ছেলে।
নিহত মিজানুর রহমানের বাবা শহীদুল্লাহ ও বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের কাছে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।