
দীর্ঘ ১৮ মাসের কার্যক্রমের পর শেষ হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের যাত্রা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজে প্রকাশিত এক বিদায়ী পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘Chief Adviser GOB (Head of the Government)’ নামের এই অফিসিয়াল পেজটি এখন থেকে আর সক্রিয় থাকবে না। ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর জনযোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পেজটি চালু করা হয়েছিল। বর্তমানে এই পেজে ৪৪ লাখেরও বেশি অনুসারী রয়েছে।
বিদায়ী পোস্টে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়েছে, "গত ১৮ মাস সময়কালজুড়ে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।"
এদিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘটে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
একই দিনে দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যরাও তাদের শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন-এর তত্ত্বাবধানে প্রথমে বিএনপি সদস্যরা এবং পরে ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সংসদ সদস্যরা শপথ নেন।