
পর্যটন খাতে শৃঙ্খলা ফেরাতে এবং টিকিট বাণিজ্যের সিন্ডিকেট ভাঙতে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, বিমান খালি যাওয়ার পরও যাত্রী টিকিট না পাওয়ার অভিযোগ দূর করতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, টিকিটপ্রাপ্তিতে একটি সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ রয়েছে, যা ভেঙে দিতে হবে। অনেক সময় শোনা যায়, আসন খালি থাকা সত্ত্বেও যাত্রীরা টিকিট পাচ্ছেন না। এ ধরনের অনিয়ম বন্ধে প্রয়োজনীয় সব পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত এবং সেগুলো সমাধানে একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। সরকারের পদক্ষেপ সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে। “রাতারাতি তো পরিবর্তন হবে না, ধীরে ধীরে পরিবর্তন হবে। তবে আমরা দুই এক সপ্তাহের মধ্যে চেষ্টা করবো একটা ভাইব (পরিবর্তন) আনার; যে গণতান্ত্রিক সরকার দায়িত্বে এসেছে।”
যাত্রীসেবার মানোন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শুধু টিকিটিং নয়, প্রবাসীসহ সব যাত্রীর সেবার মান ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সময় যাত্রীদের দুই ঘণ্টা পর্যন্ত লাগেজের জন্য অপেক্ষা করতে হয়, এমনকি লাগেজ থেকে জিনিসপত্র হারানোর অভিযোগও রয়েছে। এসব সমস্যা সমাধানে সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে বৈঠক করে পরিকল্পনা করা হচ্ছে।
গত ১৫ বছরে সংঘটিত দুর্নীতির তদন্ত করবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। দুর্নীতি হলে তো তদন্ত হবেই। দুর্নীতির দায়ে অনেকে জেলেও আছে। এখনো দুর্নীতিমুক্ত হয়নি এবং সেগুলো ঠিক করার চেষ্টা চলবে।’