
নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ব্যবহার না করে নিজের ব্যক্তিগত গাড়িতেই সরকারি কার্যক্রম শুরু করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।
রুমন বলেন, “প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক এবং নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করছেন। সরকারি গাড়ি এখন তিনি ব্যবহার করছেন না।”
দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিজের সাদা টয়োটা গাড়িতে সাভার ও শেরেবাংলা নগর পরিদর্শন করেন। এরপর একই গাড়িতে সচিবালয়ে পৌঁছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।
যানজট এবং সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের সংখ্যা কমিয়ে চারটি করা হয়েছে। আগে যেখানে ১৩–১৪টি গাড়ি থাকত, এখন তা সীমিত করা হয়েছে। শপথ গ্রহণের পর প্রথম দিনের কর্মসূচিতে গাড়িতে পতাকা ব্যবহার করা হয়নি। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় গাড়িতে পতাকা থাকবে।
রুমন আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ মন্ত্রিসভার বৈঠক অন্য স্থানে হলে মন্ত্রীদের সচিবালয় থেকে আসা এবং ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষ ভোগান্তির মুখোমুখি হয়। এছাড়া রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থান বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।
সকালে তিনি গুলশানের বাসা থেকে সাদা টয়োটা গাড়িতে চড়ে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাভার থেকে শেরেবাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
উভয় স্থানে মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। এরপর সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন তারেক রহমান।