
প্রায় তিন দশক আগে মুক্তি পাওয়া কুছ কুছ হোতা হ্যায় এখনো বলিউডের জনপ্রিয় রোমান্টিক সিনেমাগুলোর একটি। ছবিটিতে শাহরুখ খান–এর সঙ্গে অভিনয় করেছিলেন কাজল ও রানি মুখার্জি। তবে রানির চরিত্রটিতে প্রথমে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন রাভিনা ট্যান্ডন—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী নিজে।
রাভিনার ভাষ্য, সিদ্ধান্তটি ব্যক্তিগত সম্পর্কের কারণে নয়; বরং পুরোপুরি পেশাগত ভাবনা থেকেই তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। তখন মোহরা–র মতো ছবির সাফল্যের পর তিনি নিজেকে বলিউডে প্রধান নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেই সময় দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করা তার ক্যারিয়ারের জন্য সঠিক পদক্ষেপ হবে না বলেই মনে করেছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে রাভিনা বলেন, ‘করণ আমার খুব কাছের বন্ধু। আমি ছবিটি করতে চাইতামও। কিন্তু তখন আমার ক্যারিয়ারের যে অবস্থান, সেখানে দ্বিতীয় নায়িকার ভূমিকায় ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না।’ এখানে করণ বলতে তিনি ছবিটির নির্মাতা করণ জোহর–কেই বোঝান।
অভিনেত্রীর মতে, সে সময় তিনি নিজের ক্যারিয়ারকে নতুনভাবে দাঁড় করাতে চেয়েছিলেন—তবে নায়িকা হিসেবেই। যদিও পরে ‘কুছ কুছ হোতা হ্যায়’ বলিউডের অন্যতম সফল রোমান্টিক সিনেমা হয়ে ওঠে এবং ছবিটি রানী মুখার্জির ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়।
রাভিনার ভাষ্য, চরিত্রটি শেষ পর্যন্ত রানির জন্যই যথাযথ ছিল, কারণ তখন তিনি নতুন মুখ ছিলেন এবং ছবিটি তার জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রাখে।
নব্বইয়ের দশকে একাধিক জনপ্রিয় গানে সাফল্য পেলেও টাইপকাস্ট হওয়ার আশঙ্কায় অনেক ‘স্পেশাল ড্যান্স নাম্বার’-এর প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন রাভিনা।
উল্লেখ্য, রাভিনাকে শিগগিরই দেখা যাবে আসন্ন চলচ্চিত্র ওয়েলকাম টু দ্য জঙ্গল–এ।