
নতুন সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “আমি সব সময় সাংবাদিকদের সঙ্গে আছি, থাকব। আমি খুবই সৌভাগ্যবান, আপনাদের সবাই পরিচিত। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রেসক্লাব আমার ছাত্রজীবন থেকে সেকেন্ড হোম। এখানে ডালপুরি খেয়ে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম।”
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রবেশের আগে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও জানান, সাংবাদিকদের সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। স্বপন বলেন, “দুর্ভাগ্য কী, সৌভাগ্য কী জানি না, দায়িত্ব নিয়ে আমাকে আসতে হবে বা আপনাদের সঙ্গে কাজ করতে হবে। এখন আমি একটি দায়-দায়িত্বের মধ্যে যুক্ত হয়েছি। আমি খুব ভালো করেই জানি যে, সাংবাদিকদের সমস্যা সমাধান না হলে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। আমাদের নেতা তারেক রহমানের যে পরিকল্পনা, সেখানে গণমাধ্যমের স্বাধীনতার কথাও বলা আছে। সেই আলোকে আমরা কর্মপরিকল্পনা উপস্থাপন ও বাস্তবায়ন করব।”
এ সময় প্রেসক্লাবে তথ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তাদের স্বাগত জানান প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ।
এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, সহসভাপতি কেএম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি বাছির জামাল, জাতীয় প্রেসক্লাবের সদস্য কাজী রওনাক হোসেন এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।