
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর প্রাণঘাতী অভিযানে আবারও মৃত্যু মিছিল। গত কয়েক দিনে ইতালির বিভিন্ন উপকূলে অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশী ছিলেন। সিসিলি ও দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়ার উপকূল থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, গত কয়েক সপ্তাহের শীতকালীন ঝড়ের সময় সমুদ্রে নৌকাডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসনপথ। জানুয়ারির মাঝামাঝি সময়ে সমুদ্রের প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি আরও ঝুঁকি বাড়িয়ে দেয়। তবুও লিবিয়া ও তিউনিশিয়ার উপকূল থেকে পাচারকারীদের প্ররোচনায় অনেকেই অযোগ্য নৌযানে চড়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করেন।
অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে কাজ করা সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে, চলতি শীতে কয়েকশ মানুষ সমুদ্রে ডুবে মারা গেছেন অথবা নিখোঁজ রয়েছেন। কোস্ট গার্ডের পাশাপাশি বেসামরিক জাহাজ, এমনকি মাছধরার ট্রলারও সাগর থেকে একাধিক মরদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার কালাব্রিয়ার সমুদ্রতীরবর্তী শহর ত্রোপিয়ার কাছে কয়েকজন শিক্ষার্থী একটি মরদেহ দেখতে পান বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি, তবে তার গায়ে কমলা রঙের লাইফ জ্যাকেট ছিল। একই এলাকায় আরেকজন নারীর মরদেহও পাওয়া গেছে। তার কাছেও কোনো পরিচয়পত্র ছিল না। এ ঘটনায় প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন।
ইতালির ছোট দ্বীপ পান্তেলেরিয়া থেকেও আরও কিছু মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে শিশু বা অপ্রাপ্তবয়স্ক কেউ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
জানুয়ারিতে বেসরকারি সংস্থা Save the Children সতর্ক করে জানিয়েছিল, নিরাপদ ও নিয়মিত অভিবাসনের সুযোগ সীমিত থাকায় নিরাপদ ভবিষ্যতের আশায় বহু মানুষ এখনও জীবনঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছেন।
এদিকে জাতিসংঘের International Organization for Migration (আইওএম) আশঙ্কা করছে, চলতি বছরের শুরুতেই—অর্থাৎ জানুয়ারিতে—ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কয়েকশ মানুষ নিহত বা নিখোঁজ হয়ে থাকতে পারেন।
আইওএমের মুখপাত্র জর্জ গিলান্ডো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গত ২৩ ও ২৫ জানুয়ারি তিনটি পৃথক নৌ-দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে, যেখানে অন্তত ১০৪ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুটে অন্তত এক হাজার ৩৪০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন। আর ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন ৩৩ হাজারের বেশি মানুষ। ইনফোমাইগ্রেন্টস।